Type Here to Get Search Results !

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে বিন লাদেনের চিঠি ভাইরাল


 আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন

জঙ্গিগোষ্ঠী আল–কায়েদার সাবেক প্রধান প্রয়াত ওসামা বিন লাদেনের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই দশকের পুরোনো ওই চিঠি প্রথমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে শেয়ার করেন কয়েকজন। পরে সেটি আবার এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে।

২০০২ সালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে চিঠিটি লিখেছিলেন বিন লাদেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত পুরোনো সে চিঠির একটি লিংক সম্প্রতি টিকটকে ‘লেটার টু আমেরিকা’ হ্যাশট্যাগে শেয়ার করা হয় এবং তা ছড়িয়ে পড়ে। পরে টিকটক ‘লেটার টু আমেরিকা’ হ্যাশট্যাগ সরিয়ে নেয়। ততক্ষণে চিঠিটি ২০ লাখের বেশিবার দেখা হয়। গার্ডিয়ানও তাদের ওয়েবসাইট থেকে চিঠিটি সরিয়ে ফেলেছে।


এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে চিঠিটি প্রকাশিত হওয়ায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলেছেন, আল–কায়েদার প্রতিষ্ঠাতা বিন লাদেনের চিঠিতে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তাদের এই অভিমতের সমালোচনা করেছে হোয়াইট হাউস।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনার পর ২০০২ সালে চিঠিটি লিখেছিলেন ওসামা বিন লাদেন। ওই চিঠিতে তিনি আমেরিকান জনগণের উদ্দেশে কিছু কথা বলেছিলেন। তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। বিন লাদেন প্রশ্ন করেছিলেন, ‘আমরা কেন আপনাদের বিরোধিতা করছি এবং লড়াই করছি?’ এবং ‘আমরা আপনাদের প্রতি কী আহ্বান জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমরা কী চাই?’ এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে ইহুদিবিদ্বেষী কিছু কথাও উল্লেখ করা হয়।